শিরোনাম

দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল সংবাদদাতা
দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ
আদালত। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলার ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন– একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল, আনোয়ার হোসেনের ছেলে সোহেল, আলী আকবর মুন্সির ছেলে এনামুল এবং আকবর ফকিরের ছেলে আল আমিন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ভোট চাইতে যান। এসময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন।

গৃহবধূ তখন জানিয়ে দেন, তিনি ভোটার নন এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন।

এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরা তার কাপড় খুলে ফেলা এবং শ্লীলতাহানির চেষ্টা চালান।

এসময় গৃহবধূ চিৎকারে আশপাশের লোক এলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার সময় তারা হুমকি দেন, ঘটনা জানাজানি হলে পরে এসে তুলে নিয়ে নির্যাতন করা হবে।

উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

/এসআর/