শিরোনাম

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

শেরপুর সংবাদদাতা
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
শেরপুরে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শেরপুর- ১ (সদর) আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর- ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী গোলাম কিবরিয়া প্রমুখ।

সমাবেশে মাওলানা হাফিজুর রহমান বলেন, শহীদ রেজাউলের রক্ত বৃথা যেতে পারে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয় নিশ্চিত করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। আমাদের ন্যায্য আন্দোলনে কেউ বাধা দিলে প্রাচীরের মতো দাঁড়াবো। রেজাউলের মতো রক্ত দিতে আমরা প্রস্তুত।

অন্য বক্তারা বলেন, রেজাউল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গত বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর- ৩ আসনের ঝিনাইগাতীতে ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম নিহত হন।

/এসআর/