শেরপুরে মসজিদ কমিটির বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শেরপুরে মসজিদ কমিটির বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু
বিএনপির সাবেক নেতা আবু সালেহ আহমেদ

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবু সালেহ আহমেদ (৬০) নামে বিএনপির সাবেক এক নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ আহমেদ নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় ২০ দিন আগে তিনি ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদ পরিচালনা কমিটি নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজের আগে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আবু সালেহ আহমেদ আহত হন।

পরে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমআর/