ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

পিরোজপুর সংবাদদাতা
পিরোজপুর সংবাদদাতা
ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার মানুষকে শপথ করালেন বিএনপি নেতা
শপথ করান মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ৫০০ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে শপথ করিয়েছেন এক বিএনপি নেতা। পাশাপাশি মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ শপথ করান। তার ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ বিএনপির নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মধ্যে একটি করে মশারি, তিন প্যাকেট মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচি শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছি। প্রথম দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষের মধ্যে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানোর পাশাপাশি মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি থাকায় মৃত্যুর ঘটনা এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

/এসআর/