রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশ চলবে না: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশ চলবে না: আবদুস সালাম
সাংবাদিক আতাউস সামাদের স্মরণে আলোচনা ও স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশ চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, সাংবাদিকরা রাজনীতিবিদদের ভুল-ত্রুটির সমালোচনা করবেন। তবে রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশ চলবে না। প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকদেরও তাদের পেশার জায়গা থেকে গণতন্ত্র ও সমাজের জন্য কাজ করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টের উদ্যোগে আয়োজিত মরহুম সাংবাদিক আতাউস সামাদের স্মরণে আলোচনা ও স্মৃতিচারণ সভায় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, পল্টনে থাকাকালে আতাউস সামাদের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তিনি আতাউস সামাদের ভক্ত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তার পরামর্শ নিতেন। রাজনৈতিক জীবনেও আতাউস সামাদ তাকে সহযোগিতা করেছেন।

আতাউস সামাদকে স্বাধীনচেতা ও নীতিতে অটল মানুষ হিসেবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, তিনি খুব নরম স্বভাবের হলেও নিজের সিদ্ধান্তে ছিলেন দৃঢ়। কোনো ধরনের চাপ তাকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। সাংবাদিকতায় এমন স্বাধীনচেতা মানুষের থাকা অত্যন্ত জরুরি।

ডিএসসিসি প্রশাসক বলেন, আল্লাহ মানুষকে বিভিন্ন মেধা ও যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করা উচিত। নিজের জীবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, লেখালেখি, নাটক, ফুটবল ও শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকলেও ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাজনীতিকেই নিজের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে।

দেশের গণতান্ত্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন পর আবার গণতান্ত্রিক পথে হাঁটার সুযোগ তৈরি হয়েছে। ভুল-ত্রুটি থাকলেও গণতন্ত্রকে ধরে রাখতে হবে এবং সরকার পরিবর্তনের প্রক্রিয়া গণতান্ত্রিক পথেই নিশ্চিত করতে হবে।

ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, সমাজের প্রতিষ্ঠিত ও বিচক্ষণ ব্যক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকলেও তারা রাজনীতিকে পরিচালনা করতে পারেননি। তাই প্রত্যেক ক্ষেত্রকে নিজ নিজ জায়গা থেকে সংস্কার করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, আপনাদের কলম ও বক্তব্যের মাধ্যমে সমাজকে ভালো কিংবা খারাপ– দুই দিকেই প্রভাবিত করার শক্তি রয়েছে। তাই আতাউস সামাদের জীবন ও সাংবাদিকতা থেকে শিক্ষা নিয়ে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও রাজনৈতিক চর্চায় যে স্থবিরতা ছিল, তা কাটিয়ে নতুন প্রজন্মের সঙ্গে রাজনীতির সংযোগ তৈরি করতে হবে।

/এফসি/