ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়। পরে সেটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করে এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়।

এদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ধানমন্ডি এলাকায়আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করে এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে।

/এসবি/