শিরোনাম

নির্বাচনের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

নীলফামারী সংবাদদাতা
নির্বাচনের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
সিসি ক্যামেরা চুরি। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোট কেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরা চুরি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গতকাল সোমবার স্কুল ছুটির পর শিক্ষকরা চলে যায়। পরে মঙ্গলবার সকালে এসে দেখেন, সেখানের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, গতকাল সোমবার বিদ্যালয় ছুটি হলে আমরা সবাই চলে যাই। আজকে সকালে এসে দেখি বিদ্যালয়ের সামনের একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি জেনেছি। এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারিনি। আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

/এসআর/