শিরোনাম

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নীলফামারী সংবাদদাতা
নীলফামারী সংবাদদাতা
নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
দুর্ঘটনাকবলিত ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যান।

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকও নিহত হন। রবিবার (১২ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– নদীয়া পাড়া এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা বর্মন (৮) ও যাদব বর্মন (৪) এবং একই এলাকার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালকসহ একই পরিবারের আরও তিনজন নিহত হন।

এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।’

/এফআর/