চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নেওয়া হবে: হুইপ দুলু

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নেওয়া হবে: হুইপ দুলু
আখমাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

সরকার দেশের চিনিশিল্পকে লোকসানের বোঝা থেকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নাটোর চিনিকলের আখমাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে দুলু এসব কথা বলেন।

হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকার চিনিশিল্পকে লাভজনক করতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে। পাশাপাশি আখের ক্রয় মূল্য বৃদ্ধি, আখচাষিদের প্রণোদনা প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, চিনিকলগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছিল, তবে এ উদ্যোগ বন্ধ করা হয়েছে। বর্তমান সরকার চিনিকলগুলোকে বহুমুখীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে সারা বছর ধরে চিনিকলের কারখানা চালু থাকবে। কর্মরত মৌসুমি শ্রমিকের সারাবছর ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৫শ ৮০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ২ শতাংশ। ৬৫ মাড়াই দিবস কার্যক্রম চলবে।

/এফআর/