শিরোনাম

নাটোরে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার

নাটোর সংবাদদাতা
নাটোরে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জ্বালানি তেল না পেয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া গোপনে তেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাটোয়ারী ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খবর পেয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, পাটোয়ারী ফিলিং স্টেশনটির বিরুদ্ধে গভীর রাতে উপজেলা প্রশাসন ও ট্যাগ অফিসারকে না জানিয়ে পেট্রোল বিক্রির অভিযোগ পাওয়া যায়। ফিলিং স্টেশনটিতে তেলের মজুত ছিল ৩৭০০ লিটার। তারা না জানিয়ে ২৬০০ লিটার তেল বিক্রি করেছেন। তাদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাম্প কর্তৃপক্ষের কাছে মুচলেকাও নেওয়া হয়।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রি স্বাভাবিকভাবে চলছে।

/এসআর/