শিরোনাম

বিদ্যুৎ ও সারের সংকট দ্রুতই সমাধান হবে: হুইপ দুলু

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
বিদ্যুৎ ও সারের সংকট দ্রুতই সমাধান হবে: হুইপ দুলু
দোয়া মাহফিলে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিদ্যুৎ, গ্যাস ও সার নিয়ে চলমান সংকট অতিদ্রুতই সমাধান হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস নিয়ে দেশের মানুষের মধ্যে একটা সাময়িক অশান্তি সৃষ্টি হয়েছে। তবে এসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। বর্তমান সরকার কাজ করছে, আগামী কৃষি মৌসুমের আগেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশার কাজিপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে দুলু এসব কথা বলেন। তার বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হুইপ দুলু বলেন, বিএনপি এমন এক সময়ে ক্ষমতায় এসেছে, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবের পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে রেখে গেছে। শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশের ব্যাংকগুলো থেকে অর্থ সরিয়ে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। তাদের লুটপাট ও নানা সংকটের কারণে দেশের মানুষ গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়েছেন। তবে খুশির খবর হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে এসব সমস্যা বেশী দীর্ঘ স্থায়ী হবে না।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষকে সাময়িকভাবে সন্তুষ্ট করতে আগের সরকার কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করেছিল। একই সঙ্গে দেশের বিদ্যুৎ খাত বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল।

সার সংকট নিয়ে দুলু বলেন, দেশে সার নিয়ে কোনো সংকট নেই। আগের সরকারের নিয়োগ দেওয়া সার ডিলাররা বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। আগামী তিনদিনের মধ্যে দরখাস্ত আহ্বান করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার ও বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

/এফআর/