শিরোনাম

ভেঙে যায় রেললাইনের পাত, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
ভেঙে যায় রেললাইনের পাত, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় পর মেরামতের কাজ করা হয়

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় লালপুর উপজেলার আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ৬টি ট্রেন আটকে পড়ে। পরে জরুরি মেরামত শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে আজ সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান কর্তব্যরত রেলকর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। এতে স্টেশনে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ বলেন, রেললাইনের ভাঙা অংশ শনাক্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। আপাতত ভাঙা অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।

আব্দুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মেরামত শেষে আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

/এসআর/