শিরোনাম

উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নওগাঁ সংবাদদাতা
নওগাঁ সংবাদদাতা
উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা

নওগাঁর বদলগাছী উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা এবং ওই প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। এর আগে সোমবার সকালে ভান্ডারপুরে আলফা কিন্ডারগার্টেন স্কুলে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

শফিউল হাসান পার্শ্ববর্তী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং কোলা ইউনিয়নের কাজী বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সময় আলফা কিন্ডারগার্টেনের এক ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কাজী দিপু তাকে জড়িয়ে ধরেন এবং অশ্লীল আচরণ করেন। তবে মেয়েটি ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু হয়। এ পরিস্থিতিতে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দেন। এ ঘটনায় মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা স্কুল ঘেরাও করে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘ঘটনাটি জানার পর হতবাক হয়েছি। প্রধান শিক্ষক এবং জামায়াত নেতার বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছি।’

কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুল ইসলাম স্বপন বলেন, ‘এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী-সংক্রান্ত অভিযোগ উঠেছিলো। বাল্যবিয়েসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাজীর লাইসেন্স এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

অভিযুক্ত জামায়াত নেতা শফিউল হাসান দিপুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো সাড়া মেলেনি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ‘ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এসআর/