আপন দুই বোনকে বিয়ে, চুনকালি মাখিয়ে জুতার মালা পরিয়ে গ্রামছাড়া

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আপন দুই বোনকে বিয়ে, চুনকালি মাখিয়ে জুতার মালা পরিয়ে গ্রামছাড়া
আপন দুই বোনকে বিয়ে করায় মুখে চুন-কালি মাখিয়েএক দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে

নওগাঁর মহাদেবপুরে আপন দুই বোনকে বিয়ে করার ঘটনায় এক যুবক ও তার দুই স্ত্রীকে মারধর, মুখে চুনকালি মাখানো এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

গত সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ওই যুবকের বয়স ৩৫ বছর। তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় এক আইনজীবীর সহকারী। গত রোববার সন্ধ্যায় তিনি তার প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন। এর আগে দুই স্ত্রীকে নিয়ে তিনি বদলগাছী উপজেলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোনকে বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে বদলগাছীতে যে বাসায় তারা ভাড়া থাকতেন, সেখান থেকে তাদের চলে যেতে বলা হয়। পরে দুই স্ত্রীকে নিয়ে ওই যুবক মহাদেবপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গত সোমবার রাত ১০টার দিকে ওই যুবক ও তার দুই স্ত্রী শ্বশুরবাড়িতে অবস্থান করছেন, এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এই বিয়ের কারণে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অভিযোগ তুলে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়। একপর্যায়ে তাদের মারধর করা হয়। পরে মুখে চুনকালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী যুবকের শ্বশুর বলেন, সোমবার রাত আটটার দিকে তার দুই মেয়ে ও জামাতা বাড়িতে আসেন। খবর পেয়ে গ্রামের কয়েকজন বাড়িতে এসে তাদের নানা ধরনের হেনস্তা করেন। একপর্যায়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। পরে তার জামাতা ও মেয়েদের মারধর করে মুখে চুনকালি মাখিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তারা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতে এক যুবক ও দুই নারীকে ঘিরে রেখেছেন বেশ কয়েকজন। একজন যুবককে ধরে রেখেছেন, আরেকজন তাদের মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত লোকজনকে ‘চুনকালি, চুনকালি’ বলে উল্লাস করতে শোনা যায়। অন্য একটি দৃশ্যে ওই যুবককে লাঠিসোঁটা দিয়ে মারধর করতে দেখা যায়।

ওই যুবকের সঙ্গে তার দুই স্ত্রীর একাধিক টিকটক ভিডিও রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তার দুই স্ত্রীর সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

ইসলামি বিধান অনুযায়ী, একই সময়ে আপন দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা বৈধ নয় বলে জানিয়েছেন নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাবেক সভাপতি মাওলানা আকরাম হোসেন। তিনি বলেন, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার আপন বোনকে বিয়ে করা নাজায়েজ। তবে প্রথম স্ত্রীর মৃত্যু হলে কিংবা বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলে শ্যালিকাকে বিয়ে করা যায়।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/