শিরোনাম

সৌদি আরবে আগুনে নিহত ৭ জনের একসঙ্গে জানাজা

নওগাঁ সংবাদদাতা
নওগাঁ সংবাদদাতা
সৌদি আরবে আগুনে নিহত ৭ জনের একসঙ্গে জানাজা
জানাজার নামাজ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে আসার পর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

নওগাঁর সাতজন হলেন– আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ৯ জনের মরদেহ দেশে আসে। এদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলাতে। মরদেহগুলো বিমানবন্দর থেকে রাত দেড়টার দিকে আত্রাই উপজেলাতে আসে।

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সহযোগিতা করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জানাজা নামাজে অংশে নেন নওগাঁ-৬ (আত্রাই -রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা।

/এসআর/