পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী
সভায় কথা বলছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রতিমন্ত্রী বলেন, একটি নিষিদ্ধ দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও তৎপর থাকতে হবে। একটি থানায় কর্মরত সীমিত সংখ্যক পুলিশ সদস্য দিয়ে এককভাবে পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে সমন্বয় কমিটি গঠন করতে হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো অবস্থাতেই মিথ্যা মামলা নেওয়া যাবে না। আইন প্রয়োগের ক্ষেত্রে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, বিষয়টি নিশ্চিত করতে হবে।

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মাদক কারবারিদের তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি অভিযান পরিচালনার নির্দেশ দেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ইয়াবা উদ্ধার, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, পাঁচ দিনের সফরে আজ দুপুরে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহের নান্দাইলে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি কিশোরগঞ্জ ও জামালপুরের একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।

/এফআর/