ফেসবুক লাইভে এসে বিএনপি সরকারের সমালোচনা অভিযোগে গ্রেপ্তার সেই নারীর জামিন

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ফেসবুক লাইভে এসে বিএনপি সরকারের সমালোচনা অভিযোগে গ্রেপ্তার সেই নারীর জামিন
সাথী আক্তার

ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের সমালোচনা করে মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার ময়মনসিংহের ভালুকার নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাকে জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সাথী আক্তারকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তাকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেন।

এর আগে, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক।

জানা গেছে, ২৫ অক্টোবর দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। সাথী এসময় জানান, তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, এসির তার এবং বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

চুরির ঘটনায় ব্যবসার নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন সাথী। এসময় ভোট দেওয়া নিয়ে অনুশোচনা করে বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাইভ ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাতে রাজনৈতিক কর্মী ও এলাকাবাসী তার পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে এবং পার্লারে ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।

/এফআর/