বিকাল ৫টা পর ভিক্ষা নয়, সময় বেঁধে দিলেন ফকির কমিটির সভাপতি

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
বিকাল ৫টা পর ভিক্ষা নয়, সময় বেঁধে দিলেন ফকির কমিটির সভাপতি
ময়মনসিংহের ফুলপুর বাজারে হ্যান্ডমাইক হাতে স্থানীয় ফকির কমিটির সভাপতি আনোয়ার

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি আনোয়ার। তার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে কেউ যত্রতত্র ভিক্ষা করতে পারবেন না। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। এ নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, ফুলপুর বাজারের গোলচত্বরে হুইলচেয়ারে বসে হ্যান্ডমাইক হাতে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি আনোয়ার হিসেবে পরিচয় দিয়ে জানান, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। তবে বিকাল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৩ দিনের কারাদণ্ড দেওয়া হবে।

এ সময় তার সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির অনুমোদিত একটি পরিচয়পত্র বা কাগজপত্রও ঝোলানো দেখা যায়।

স্থানীয়দের একাংশ বাজারে ভিক্ষুকদের ভিড় নিয়ন্ত্রণে এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও, একটি বেসরকারি সমিতি বা কমিটি কীভাবে ‘জেল-জরিমানার’ মতো আইনি শাস্তি দেওয়ার ঘোষণা দেয়, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি তাদের নজরে এসেছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কোন এখতিয়ারে বা কীভাবে তিনি এমন শাস্তির ঘোষণা দিয়েছেন, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

/এফসি/