জনগণ আপনার ফাঁসি কার্যকর করতে চায়: শেখ হাসিনাকে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
জনগণ আপনার ফাঁসি কার্যকর করতে চায়: শেখ হাসিনাকে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

‘অনুশোচনা তো নাই, আবার হুমকি দিচ্ছে, জনগণ আপনার ফাঁসি কার্যকর করতে চায়।’ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত সরকার ছিল ফ্যাসিস্ট ও জালেম সরকার। জনগণ তাদের বিতাড়িত করেছে। ওই সরকারের সময়ে গুম, খুন ও শিশু হত্যার মতো ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। জনগণ সেই রায় কার্যকর করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। প্রান্তিক জনগোষ্ঠীকে গবাদিপশু পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

/এসআর/