শিরোনাম

তেল নিয়ে পদ্মায় ডুবে যাওয়া লরি উদ্ধার

মানিকগঞ্জ সংবাদদাতা
তেল নিয়ে পদ্মায় ডুবে যাওয়া লরি উদ্ধার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার সয়াবিন তেলবোঝাই একটি লরি নদীতে পড়ে ডুবে যায়। পরে লরিটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে বিআইডব্লিউটিএ এর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, ভোরে উদ্ধারকারী জাহাজ হামজা লরিটি উদ্ধার করলেও এখনো পন্টুনে তোলা সম্ভব হয়নি।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া লরিটি উদ্ধারে রাতেই কাজ শুরু করে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার তেল নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার বলেন, নদীর পানি নিচের দিকে নেমে যাওয়ায় ঘাটের পন্টুন থেকে সড়কে উঠতে খাড়া ঢালুর সৃষ্টি হয়েছে। তেল বোঝাই লরিটি ফেরি থেকে নেমে উপরের দিকে সড়কে আসার সময় হঠাৎ থেমে যায়। এ সময় গাড়িটি পেছনে দিকে নামতে থাকে। চালক ব্রেক করলেও তা ফেল করে। পরে নদীতে পড়ে যায়।

/এসআর/