বিয়ের ১৫ দিনের মাথায় ট্রাকচাপায় প্রাণ গেলো ইতালি প্রবাসীর

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সংবাদদাতা
বিয়ের ১৫ দিনের মাথায় ট্রাকচাপায় প্রাণ গেলো ইতালি প্রবাসীর
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী নিহত হয়েছেন। বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

এর আগে, গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার মস্তফাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন তানভীর হাওলাদার। ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/