শিরোনাম

হত্যা মামলায় আপন ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সংবাদদাতা
হত্যা মামলায় আপন ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর

মাদারীপুরের রাজৈর উপজেলার আলোচিত সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরেক আসমির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই আপন ভাই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক নাহিদুর রহমান নাহিদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো– রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার।

এ ছাড়া, সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই রাজৈরের বাসাবাড়ি ব্রিজের কাছে হত্যার উদ্দেশ্যে সেকান্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

আদালতের পিপি এমারত হোসেন খান বলেন, মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হয়। মামলায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা কেউ রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

/এফআর/