খোলা বাজারে ডলার ১২৮ টাকা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
খোলা বাজারে ডলার ১২৮ টাকা
মার্কিন ডলার

টাকার বিপরীতে আবারও বাড়ছে মার্কিন ডলারের দাম। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর ১২৪ টাকার কাছাকাছি পৌঁছেছে। ব্যাংকগুলো এর চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছে। আর খোলা বাজারে ডলারের দাম ছাড়িয়েছে ১২৮ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের গড় বিনিময় হার ছিল ১২৩ টাকা ৯৮ পয়সা। এক সপ্তাহ আগে ১৯ অক্টোবর এ দর ছিল ১২৩ টাকা ৬৫ পয়সা। আর ১ অক্টোবর ছিল ১২৩ টাকা ৩ পয়সা। সে হিসাবে এক সপ্তাহে ডলারের দাম বেড়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ এবং এক মাসে বেড়েছে শূন্য দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, জ্বালানি তেল ও গ্যাস আমদানির ঋণপত্র (এলসি) নিষ্পত্তি করতে গিয়ে ব্যাংকগুলোর ওপর চাপ বাড়ছে। এ ছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রোজাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির এলসি খোলায় ডলারের চাহিদা বেড়েছে। এসব কারণে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক স্পট মার্কেটে প্রতি ডলার ১২৪ টাকা ১০ পয়সা দরে বিক্রি করেছে। ব্যাংকটি ডলার কিনেছে ১২৩ টাকা ১০ পয়সায়। বেসরকারি ইস্টার্ন ব্যাংক ডলার বিক্রি করেছে ১২৪ টাকা ২৮ পয়সায় এবং কিনেছে ১২৩ টাকা ২৮ পয়সায়।

অন্যদিকে, মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমসিএবি) নির্ধারিত দর অনুযায়ী, বুধবার খোলা বাজারের মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার ১২৮ টাকায় বিক্রি হয়েছে। কেনা হয়েছে ১২৭ টাকায়। আগের দিন মঙ্গলবার ডলার বিক্রির দর ছিল ১২৭ টাকা ৮০ পয়সা। রাজধানীর মতিঝিল ও গুলশানে মানি এক্সচেঞ্জের বাইরেও প্রতি ডলার ১২৮ টাকা ২০ পয়সায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ডলারের দর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে গত ২৪ আগস্ট থেকে মানি এক্সচেঞ্জগুলোর জন্য প্রতিদিন বিনিময় হার নির্ধারণ করে দিচ্ছে এমসিএবি।

সংগঠনটির সভাপতি এম এস জামান গণমাধ্যমকে বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ, অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে ডলারের দাম বাড়ছে। দেশে আমদানি ব্যয় বেড়েছে, ফলে ডলারের চাহিদা বাড়লেও সেই অনুপাতে জোগান নেই। তবে কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ দিন ৩০ জুন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকা-ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৮৫ পয়সা।

/এফআর/