শিরোনাম

আনোয়ার খান মডার্নের মালিকের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সংবাদদাতা
আনোয়ার খান মডার্নের মালিকের বিরুদ্ধে মামলা
আনোয়ার হোসেন খান

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সংসদ সদস্য এবং আনোয়ার খান মডার্নের কর্ণধার আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাকে প্রধান আসামি করে অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার দেবনগরপুর এলাকার নুরুল ইসলামের ছেলে রবিউল হাসান রাব্বি বাদি হয়ে মঙ্গলবার রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। গত ১৬ জুন উপজেলার উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমিতে জড়ো হয়ে মব সৃষ্টি করে প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয়।

এ বিষয়ে ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইন ও হামলা-ভাঙচুরের অভিযোগে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

উল্লেখ্য, আনোয়ার হোসেন খান ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে পরাজিত করে লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি আনোয়ার হোসেন খান মডার্ন গ্রুপ অব কোম্পানিজ ও এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে/নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এছাড়াও তিনি শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালকদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে ছিলেন।

/জেএইচ/