লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ
বিএনপি'র দলীয় পতাকা

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। ৫১ সদস্যের ওয়ার্ড কমিটির ৩১ নেতা পদত্যাগপত্রে স্বাক্ষর করলেও তা জমা দিতে যান ১০ জন।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, জাবেদের বিরুদ্ধে বিধবা ভাতা দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে অর্থ নেওয়া, জুয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নারীসংক্রান্ত একটি ঘটনার পর তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের ও তাদের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন, তারা কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি আপাতত তার কাছে রাখা হয়েছে। সাংগঠনিকভাবে তা গ্রহণ করা হয়নি। ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

দলীয় সূত্রে জানা যায়, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল জাবেদ হোসেনকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। পরে প্রায় ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

/এমআর/