শিরোনাম

সীমান্তে পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির মাইকিং

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
সীমান্তে পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির মাইকিং
সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করে বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ পারাপার, পুশ ইন ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, পুশ ইন, চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

এছাড়া অপ্রয়োজনে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার আহ্বান করা হয়। একইসঙ্গে অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে বাড়িতে আশ্রয় না দেওয়া এবং মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ সীমান্ত পারাপার ও পুশ ইন প্রতিরোধ এবং মাদকদ্রব্য ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

/এসআর/