শিরোনাম

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনা কবলিত দুই বাস। ছবি: সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কয়েকজন সেনা সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল এক্সপ্রেস নামক একটি ভাড়া করা বাসে সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনা জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিলেন। পথে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে আহত এক বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা যায়, নিহতের নাম জিয়া। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন।

আহত সেনা সদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীতে প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। ঈদুল আজহার ছুটিতে তারা বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে তারা মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন।

/এসআর/