পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এযাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ দানের অর্থ। এ ছাড়া দানবাক্সগুলোতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। টাকা গণনা শেষ করতে সময় লেগেছে প্রায় ১৫ ঘণ্টা।

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবার দানবাক্স থেকে পাওয়া অর্থের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এর আগে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সেখান থেকে অন্তত ৫১ বস্তা টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। প্রায় পাঁচ মাস পর দানবাক্সগুলো খোলা হলো।

এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সেদিন গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি মিলেছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

শনিবার সকালে দানবাক্স খোলার পর প্রথমে লোহার বাক্সগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। পরে সেগুলো মসজিদের মেঝেতে ঢেলে গণনা শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রশাসনের কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে পাঁচ শতাধিক মানুষ এ কাজে অংশ নেন।

গণনায় স্বেচ্ছাশ্রমে অংশ নেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় ৩৫০ শিক্ষার্থী। এ ছাড়া রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের পরিচালন ব্যয় মেটানোর পর দানের অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। সব মিলিয়ে মসজিদের তহবিলে এ পর্যন্ত জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা দান হিসেবে জমা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। শনিবারের গণনায় পাওয়া অর্থের সঙ্গে এই টাকাও ব্যাংকে জমা করা হবে। এ ছাড়া দান হিসেবে পাওয়া সোনা ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলছে।

মসজিদের তহবিলে জমা হওয়া অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় মানুষ এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা করা হয়। মসজিদের পরিসর বাড়ানোর জন্য ইতিমধ্যে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমিও কেনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি দীর্ঘদিন ধরে মানুষের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে আসছে। প্রচলিত বিশ্বাস রয়েছে, এ মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খোলা হলে বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

/এমআর/