শিরোনাম

এ খাবার কি আপনারা বাসায় খেতেন, হাসপাতাল সুপারকে স্বাস্থ্যমন্ত্রী

খুলনা সংবাদদাতা
এ খাবার কি আপনারা বাসায় খেতেন, হাসপাতাল সুপারকে স্বাস্থ্যমন্ত্রী

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের নিম্নমান, ভ্যাকসিন সংকটসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২০ মে) দুপুরে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব অনিয়মের চিত্র দেখতে পান।

পরিদর্শনের সময় হাসপাতালের রোগীদের জন্য রান্না করা কুমড়ার সবজি স্বাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? পরে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।

খাবার
রান্না করা খাবারের গুণগত মান ঠিক আছে কি-না তা দেখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হাসপাতালের বিট ভ্যাকসিন কর্নার পরিদর্শনের সময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। রোগীরা জানান, হাসপাতালে ভ্যাকসিনের সংকট থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে।

রোগীদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে তিরস্কার করেন এবং দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এসআর/