শিরোনাম

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
খুলনা সদর থানা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জলিলের দোকানের সামনে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি প্লাস্টিকের চেয়ারকে বিদ্ধ করে।

এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি বলেন, ‘আমরা কয়েকজন সাংবাদিক দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলাম। দুজন যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয়। খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে।’

সাংবাদিক আওয়াল শেখ বলেন, ‘আমরা বসে ছিলাম হঠাৎ দুই ছেলে বাইক নিয়ে এসে গুলি করে চলে গেলো। কিছু বোঝার আগেই ঘটনা ঘটলো।’

খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন বলেন, ‘আমরা বারবার প্রশাসনকে বলছি, খুলনায় যেভাবে হত্যা, গোলাগুলি ও কোপাকুপির ঘটনা ঘটছে, তার মধ্যে সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনকে আহ্বান করছি অবিলম্বে এই সন্ত্রাসীদের ও তাদের শেল্টার দাতাদের আইনের আওতায় আনতে হবে।’

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার্ডকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর আমার জানা নেই। কী কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এসআর/