শিরোনাম

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

জামালপুর সংবাদদাতা
জামালপুর সংবাদদাতা
প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন মিষ্টি পারভীন নামের এক তরুণী। তবে প্রেমিক বিয়ে না করে পালিয়ে যাওয়ায় এবং তার পরিবারের সদস্যরা ওই তরুণীর ওপর নির্যাতন করায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এসব কর্মসূচি পালনকালে প্রেমিক-প্রেমিকার বিয়ের দাবি জানায় আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে সেনা সদস্য জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি পারভীনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ সেপ্টেম্বর দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন মিয়া। এরপর গত বৃহস্পতিবার জীবন মিয়া তার প্রেমিকা মিষ্টি পারভীনকে বিয়ে করার কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসেন। তবে পারিবারিক চাপের মুখে প্রেমিকা মিষ্টিকে বাড়িতে রেখে উধাও হয়ে যান প্রেমিক জীবন মিয়া। এরপর থেকে প্রেমিক জীবন মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন কলেজপড়ুয়া ওই তরুণী।

স্থানীয়রা জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা ও বৈঠক হয়েছে। তবে ছয় দিনেও কোনো সমাধান না হওয়ায় মিষ্টি এখনো জীবন মিয়ার বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে ওই বাড়িতে অবস্থান এবং মানসিক চাপের কারণে মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে। মিষ্টির পক্ষ থেকে জীবন মিয়ার পরিবারের লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করছে বলেও অভিযোগ করা হয়েছে।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে আজ (মঙ্গলবার) এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে আন্দোলকারীরা। এ সময় ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, তরুণীর নিরাপত্তা নিশ্চিত এবং তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে প্রেমিক জীবন মিয়ার সঙ্গে প্রেমিকা মিষ্টি আক্তারের বিয়ের ব্যবস্থা করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসব বিষয়ে অভিযুক্ত জীবন মিয়া ও তার পরিবারের সদ্যেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/