গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধে যানজট

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানাসহ জেলার বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন।

বিক্ষোভের একপর্যায়ে পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেন তারা।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে এবং যান চলাচল স্বাভাবিক করতে তাদের বোঝানোর চেষ্টা করেন। তবে তারা মহাসড়ক থেকে সরে না যাওয়া সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। কিন্তু তারা আবারও হারিকেন এলাকায় অবস্থান নেন।

অন্যদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। তবে তারা মহাসড়ক অবরোধ করেননি।

/জেএইচ/