গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ শুরু করে তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এছাড়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করা হয়। কিছুসময় পর জয়দেবপুর ও নাওজোরে শ্রমিকদের সরিয়ে নেয় পুলিশ।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

/এফআর/