শিরোনাম

এনসিপি নেতাকে জুতাপেটা ও রাজনীতি থেকে তাড়ানোর হুঁশিয়ারি ছাত্রশক্তির নেতার

গাইবান্ধা সংবাদদাতা
এনসিপি নেতাকে জুতাপেটা ও রাজনীতি থেকে তাড়ানোর হুঁশিয়ারি ছাত্রশক্তির নেতার
বায়েজিদ বোস্তামি জিম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে জুতা পেটা ও রাজনীতি থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন একই দলের ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।

বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন। এর আগে, বায়েজিদ বোস্তামি জিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার সদস্য সচিব ছিলেন।

লাইভের শুরুতে তিনি বলেন, জুলাই আন্দোলনে আমি আহত হয়েছি, আমার শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমি মামলা করেছি। জাতীয় ছাত্র শক্তির একজন দায়িত্বশীল নেতা হিসেবে কোনো ফ্যাসিস্টের সঙ্গে কাজ করা সম্ভব নয়।

জিম বলেন, গাইবান্ধায় খুদিকে পদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আমার শরীরে রক্ত থাকতে খুদি আপনাকে মেনে নেবো না। আপনাকে কীভাবে প্রতিহত করতে হয়, তা আমাদের জানা আছে।

খুদিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, রংপুরে একটি কর্মসূচিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে খুদি অভিযোগ করেছেন, গাইবান্ধার নতুন কমিটির নেতারা নেশাখোর। এ অভিযোগের প্রমাণ দিতে হবে, অন্যথায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে গাইবান্ধায় রাজনীতি করতে দেওয়া হবে না।

এ সময় জিম কেন্দ্রীয় নেতা সারজিস আলমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংগঠনের রাজনীতি আগের মতো চলছে না। যদি খুদিকে নিয়ে রাজনীতি করতে চান, তাহলে গাইবান্ধায় এসে বাস্তবতা দেখে যান।

তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ– নাহিদ, আখতার ও আতিক মুজাহিদসহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান, দ্রুত খুদিকে গাইবান্ধার আহ্বায়কের পদ থেকে অপসারণ করতে। খুদি একজন দুর্নীতিবাজ এবং তাকে দিয়ে গাইবান্ধার রাজনীতি চলবে না।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে গাইবান্ধা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

/এসআর/