শিরোনাম

স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ

গাইবান্ধা সংবাদদাতা
স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে দিনভর ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী মেয়েটির মামা জানিয়েছেন, সোমবার সকালে সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। আনুমানিক ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকা থেকে দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। পরে ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার এলাকার কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর পাশবিক নির্যাতন চালায়। পরে বিকালের দিকে শিশুটিকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিকালে স্থানীয় পথচারীরা শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি সেখানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ। তিনি জানান, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বড় হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলছেন। তদন্ত শেষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/জেএইচ/