শিরোনাম

গাইবান্ধায় ট্রাকসেলে সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম বিক্রি

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধায় ট্রাকসেলে সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম বিক্রি
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বুধবার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। রমজান মাসে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্যপণ্য কম দামে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায়, প্রতি লিটার দুধ ৬০ টাকায় এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হচ্ছে।

১১ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় গাইবান্ধা জেলা শহরের ডিসি অফিস এলাকা, রেলগেটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। বাজারের তুলনায় কম দামে এসব পণ্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

সুলভ মূল্যে পণ্য কিনতে সকালে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। এ সময় এক ক্রেতা বলেন, এবার রোজার মাসে সংসারের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এক সপ্তাহ এই কর্মসূচি চলবে। কিছুটা হলেও আমরা উপকৃত হবো।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সরকারের ভর্তুকির মাধ্যমে বাজারের তুলনায় কম দামে দুধ, ‍ডিম ও মাংস পণ্য বিক্রি করা হচ্ছে, যাতে রমজানে নিম্ন আয়ের মানুষ সহজেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারেন।

জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করেই এই সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ উপকৃত হবেন।

/এসআর/