শিরোনাম

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা সংবাদদাতা
চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির ও বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি অ্যাগ্রোভেট কারখানায় ২ লাখ টাকা চাঁদার দাবিতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।

‎অভিযুক্ত বিএনপি নেতারা কারখানায় এসে ম্যানেজারের কাছে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। ম্যানেজার জানতে চাইলেন, তারা কীসের কাগজ দেখতে চান। তখন তারা বলেন, কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। এ সময় মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন।

মোল্লা অ্যাগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ম্যানেজারকে ভয়ভীতি দেখায় এবং হামলা করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পর আমি সাঘাটা থানায় লিখিত অভিযোগ জমা দেই।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ২ লাখ টাকা চাঁদা দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজ বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসআর/