শিরোনাম

পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫২ কারাবন্দি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫২ কারাবন্দি
ফরিদপুর জেলা কারাগার। ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলা কারাগারের ৫২ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা কারাগারে ১ হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এরমধ্যে পুরুষ ১ হাজার ১৯৩ ও নারী ৫১ জন।

কারা কর্তৃপক্ষ জানান, নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় আগ্রহী বন্দিরা আবেদন করেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

ফরিদপুর কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি । বন্দিদের ভোট দেওয়ার জন্য দুটি বুথ করা হয়েছে। এছাড়াও বন্দিদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুনের বিষয়ে অবগত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, জেলায় ১৭ হাজার ৯’শ ৮৮টি ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া যাবে। এরমধ্যে ৫২ বন্দিও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

/এসআর/