শিরোনাম

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়লো কুমির

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়লো কুমির
বড়শিতে আটকা পড়া কুমির। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার হাজারি বড়শিতে একটি বিশাল কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

এদিকে, কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় ভিড় করেন শত শত মানুষ। তবে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেলেরা জানান, স্থানীয় স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াসসহ কয়েকজন জেলে নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তাদের বড়শিতে একটি কুমির আটকা পড়ে। পরে কুমিরটি উদ্ধার করে জেলেরা রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।

জেলে স্বপন বেপারী জানান, ‘বড়শিতে কুমিরটি আটকা পড়ার পরপরই দ্রুত সেটি উদ্ধার করে ঘাটে নিয়ে আসা হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।’

তার ভাষ্য অনুযায়ী, কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট এবং ওজন প্রায় দেড় মণ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘কুমিরটি কাজী বাড়ির ঘাট এলাকায় পানির মধ্যে বেঁধে রাখা হয়েছে। বন বিভাগের কাছে সেটি বুঝিয়ে দেওয়া হবে। বর্তমানে কুমিরটিকে পুলিশি পাহারায় রাখা হয়েছে।’

বন বিভাগ ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, ‘কুমিরটি প্রকৃত পক্ষে কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ এবং এর ওজন কত–তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি বর্তমানে পানিতে বাঁধা অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘তবে এটি বিপন্ন প্রায় মিঠা পানির কুমির।’

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ‘বিষয়টি জানতে পেয়ে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।’

/এফআর/