ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া আগুনে কৃষক দল নেতার মৃত্যু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া আগুনে কৃষক দল নেতার মৃত্যু
নিহত কৃষকদল নেতা রাজু মোল্লা

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে রাজু মোল্লা নামে উপজেলা কৃষক দলের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা উপজেলার বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় রাজু মোল্লাকে একা পেয়ে মারধরের পর তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন একদল লোক। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে রাজু মোল্লা দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অবরোধ ও অগ্নিসংযোগের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। পরে পুলিশের সহায়তায় সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় রাজু মোল্লার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম মামুন জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজু মোল্লাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার কোমরের নিচের পুরো অংশ দগ্ধ হয়েছিল। মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

/এমআর/