বাবাকে হত্যার ১০ বছর পর মাকে হত্যাচেষ্টা ছেলের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বাবাকে হত্যার ১০ বছর পর মাকে হত্যাচেষ্টা ছেলের
অভিযুক্ত ফারদিন হুদা মুগ্ধ

ফরিদপুরে বাবাকে পুড়িয়ে হত্যার ১০ বছর পর এবার মাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছেন ছেলে ফারদিন হুদা মুগ্ধ (২৬)। পারিবারিক বিরোধের জেরে গতকাল শনিবার দিবাগত রাতে শহরের কমলাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (১৫ নভেম্বর) ফরিদপুরের কোতোয়ালী থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত ওই নারীর নাম সিলভিয়া হুদা আলো (৫০)। নিরাপত্তার আশঙ্কায় চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন মুগ্ধের স্ত্রী। প্রায় সাড়ে তিন মাস নির্যাতন সহ্য করার পর গত শনিবার স্বামীর বাড়ি ছেড়ে তালমার মোড়ে বাবার বাড়িতে চলে যান তিনি। স্ত্রীর চলে যাওয়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুগ্ধ। এরপর পারিবারিক ভবনের দোতলায় মায়ের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে আলমারি ও আসবাবপত্র তছনছ করে জমির দলিল ও সোনার গয়না খুঁজতে থাকেন তিনি।

এ সময় আতঙ্কিত হয়ে নিচতলায় ননদের ঘরে আশ্রয় নেন মা সিলভিয়া হুদা আলো। কিন্তু সেখানেও প্রবেশ করেন মুগ্ধ। একপর্যায়ে মায়ের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি। এতে গুরুতর আহত হন সিলভিয়া।

এর আগে, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে মুগ্ধের বিরুদ্ধে। বাবার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। ওই হত্যা মামলায় দুই বছর কারাভোগের পর মায়ের চেষ্টায় জামিনে মুক্তি পান মুগ্ধ।

ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত মুগ্ধকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/