শিরোনাম

সিলিন্ডার লিকেজের আগুনে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর সংবাদদাতা
সিলিন্ডার লিকেজের আগুনে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুর শহরের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটে।

নিহতরা হলো– তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে হঠাৎ পাশের বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতরে গিয়ে ওই দম্পতির নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন, নিশ্চিতভাবে তাদের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন জন্য অপেক্ষা করতে হবে।

/এফআর/