শিরোনাম

মুক্তিযোদ্ধা ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি
মুক্তিযোদ্ধা ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে বা কার্যত ‘ভাড়া’ করার মাধ্যমে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে জাহির করার অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানাধীন কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াত মূলত একজন মুক্তিযোদ্ধাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে তাদের অতীত ইতিহাস আড়াল করতে চাইছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এই ভণ্ডামি কখনোই মেনে নেবেন না এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার এক নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছিল, তারাই এখন ইতিহাসের পাঠ দিতে চাইছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। তারা দাবি করছে যে কর্নেল অলি আহমদ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। যারা একাত্তরে দেশের বিরোধিতা করেছে, তাদের কাছ থেকে এমন ইতিহাস বিকৃতি অস্বাভাবিক কিছু নয়। এটি মূলত জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছু নয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু ও সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।

/এসআর/