পর্যটকদের জন্য দুঃসংবাদ, সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
পর্যটকদের জন্য দুঃসংবাদ, সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও এদিন থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। সরকারি অনুমোদন ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় জাহাজ চলাচল শুরু করতে আরও কয়েক দিন সময় লাগবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে সরকারের জারি করা শর্তগুলো বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার ভিত্তিতে জাহাজ চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, সেন্টমার্টিন ভ্রমণে সরকারের জারি করা শর্তাবলির কোনও ধরনের ব্যত্যয় যাতে না ঘটে, সে লক্ষ্যে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, চলতি মৌসুমে সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে ইতোমধ্যে তিনটি জাহাজের অনুমোদন দেয়া হয়েছে। আরও সাতটি জাহাজের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া জাহাজগুলো চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, এ বছর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়া বাধ্যতামূলক করেছে সরকার। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেও আনুষঙ্গিক কিছু দাপ্তরিক কাজ এখনও বাকি রয়েছে।প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন, পর্যটনসংশ্লিষ্ট সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসবি/