শিরোনাম

দুই জেলায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দুই জেলায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

দেশের দুই জেলায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এবং দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল

জেলার দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো– নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্র জানান, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।

নেত্রকোনা

দুপুরে জেলার মোহনগঞ্জ উপজেলায় বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার নিজাম উদ্দিনের বাড়িতে তার ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিভিন্ন কাজে সবাই ব্যস্ত ছিলেন। এ সুযোগে দুপুরে দুই বোন বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

কিছু সময় পর পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। এসময় স্থানীয়দের ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করেন এবং দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/