গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
গাজীপুর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা পুনরায় মহাসড়কে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় হাজার হাজার শ্রমিক আবারও মহাসড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পল্লী বিদ্যুৎ এলাকা ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। থেমে থেমে চলতে থাকে উত্তেজনা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, কর্মস্থলে কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে।

/জেএইচ/