গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কাজে যোগ না দিয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে, এমন পরিস্থিতি কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫-২০টি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ সূত্র জানায়, সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা আমবাগান এলাকায় এসে জড়ো হন। এ সময় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সেখানে উপস্থিত হন। আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে বলা হলেও তারা অবরোধ অব্যাহত রাখায়, কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সার্বিক পরিস্থিতিতে বর্তমানে মৌচাক ও আশপাশের এলাকার সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

/এফআর/