কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, ভয়ে মুখ খুলছেন না কেউ: বিএনপি নেতা মঞ্জু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, ভয়ে মুখ খুলছেন না কেউ: বিএনপি নেতা মঞ্জু
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একের পর এক হত্যাকাণ্ড, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেছেন, নগরীতে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। ভয়ে কেউ চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খুলছেন না। ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাধ্য হয়ে লাখ লাখ, এমনকি কোটি টাকা চাঁদা দিচ্ছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপি নেতা জাকির হোসেনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন মঞ্জু।

তিনি বলেন, খুলনায় একের পর এক হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের উচ্চপর্যায় থেকে উদ্বেগ জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

মঞ্জু বলেন, কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালাচ্ছে। প্রতিবাদ করলেই হত্যার শিকার হতে হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৮ থেকে ১০ জন নেতা-কর্মীকে এসব গ্রুপ হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, খুলনায় একধরনের নীরব চাঁদাবাজি চলছে। পাঁচ-ছয়টি গ্রুপ লাখ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। ভয়ে ব্যবসায়ীরা মুখ খুলছেন না। অনেকে খুলনা ছেড়েও চলে গেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালাতে হবে। প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে খুলনা বিভাগে ১৫০টি পুলিশ ক্যাম্প স্থাপন এবং বিশেষ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সে ধরনের উদ্যোগ নেওয়ার কথাও বিবেচনা করা যেতে পারে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে খুলনার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের জলিল শেখের ছেলে।

/এমআর/