মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইল সংবাদদাতা
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক
গ্রেপ্তার ৪ সাংবাদিক

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের করা মামলায় গ্রেপ্তার হয়েছে ৪ সাংবাদিক। পরে তাদের কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন আদালত।

গ্রেপ্তারকৃত সাংবাদিকরা হলেন- এনটিভির ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তা পত্রিকার অনলাইন ইনর্চাজ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেওবাড়ি বাজারে নজরুলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের মীমাংসার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলো ৪ সাংবাদিক। এসময় তারা জানতে পারেন স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ টাকায় মীমাংসা করা হয়। মীমাংসায় ২ লাখ টাকা পায় ওই নারী এবং ৮০ হাজার টাকা পায় মাতব্বরা। এসময় স্থানীয় একজন মাতাব্বর পাশের বাসায় মাদক সেবন করার কথা জানায়। পরে সাংবাদিকরা ৪ জনের গাঁজা সেবন করতে দেখে ভিডিও করেন। এসময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরবর্তীতে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যায়।

এসময় জাহিদ স্থানীয় ২শ' থেকে ৩শ' লোকদের ডেকে মব সৃষ্টি করে প্রথমে তাদের আটক করে হেনস্তার চেষ্টা করেন। পরবর্তী খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়ার সাংবাদিকদের কী করা হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক হয়। শনিবার (১৪ নভেম্বর) সকালে বিএনপি নেতা বাদী হয়ে ৪ সাংবাদিককের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন।

এনটিভির ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন বলেন, মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। আমরা রাজি না হওয়ায় আমাদের মব করে ফাঁসানো হয়েছে।

মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে আমি বাদী হয়েছি। মাদকসেবনের মামলা করা হয়নি কেন? এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি।

সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদাদাবি এবং চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ চাঁদা আদায় করা হয়েছে, তিনি কেন মামলার বাদী হননি, এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।

/এসবি/