শিরোনাম

টেকনাফের রাস্তায় কালেমার পতাকা, খতিয়ে দেখছে প্রশাসন

টেকনাফ সংবাদদাতা
টেকনাফ সংবাদদাতা
টেকনাফের রাস্তায় কালেমার পতাকা, খতিয়ে দেখছে প্রশাসন
কালেমা খচিত সাদা পতাকায় সয়লাব টেকনাফের রাস্তা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় সড়কের দুই পাশে কালেমা খচিত সাদা পতাকা টাঙানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি নজরে আসার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে পুলিশ ও উপজেলা প্রশাসন। একইসঙ্গে পতাকা টাঙানোর পেছনের কারণ ও সংশ্লিষ্টদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক ও জেটিঘাটে সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের দাবি, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক এসব পতাকা টাঙানোর পর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। হঠাৎ করে বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানোয় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। পরে তারা পতাকা প্রদর্শনের বিভিন্ন দৃশ্যও সামাজিকমাধ্যমে প্রকাশ করেন।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’ আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, আল হিদায়া ছাত্র সংগঠনের উদ্যোগেই কালেমা খচিত সাদা পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। ইসলাম ও কলেমার প্রতি ভালোবাসা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। পরে প্রশাসনিক চাপের কথা জানতে পেরে আমি নিজেই কিছু পতাকা নামিয়ে ফেলি।

সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো স্থাপন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এসবি/